জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে দীর্ঘ ১২২ দিন চিকিৎসা শেষে মাইলস্টোন ট্র্যাজেডিতে আহত ১২ বছর বয়সী শিশু আরিয়ান আফিফ বাড়ি ফিরছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) হাসপাতালটির পরিচালক ডা. মুহাম্মদ নাসির উদ্দীন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, চিকিৎসার সময় শিশু আরিয়ানের শরীরে ছোট-বড় ৩৪টি অস্ত্রোপচার করা হয় এবং তার শরীরের মোট ৩৪ শতাংশ পুড়ে গিয়েছিল। টানা তিন দিনসহ মোট ৮ দিন তাকে আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছিল।
চিকিৎসক আরও জানান, হাসপাতাল থেকে আরিয়ানকে ছুটির পরবর্তী ফলোআপসহ সকল নির্দেশনা প্রদান করা হবে। চিকিৎসার প্রতিটি ধাপে বহুমুখী বিশেষজ্ঞ দল তাকে সহায়তা করেছে।