দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতিশ কুমার। বৃহস্পতিবার (২০ নভেম্বর) পাটনার গান্ধী ময়দানে অনুষ্ঠিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং জোটের নেতারা।
গতকাল বুধবার পাটনা বিধানসভায় জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-এর বিধায়করা নীতিশ কুমারকে সর্বসম্মতিক্রমে তাদের দলীয় নেতা নির্বাচিত করেন। এরপর রাজভবনে গিয়ে বিদায়ী সরকারের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগপত্র দেন এবং নতুন সরকারের গঠন দাবি পেশ করেন।
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেন, “বিহার আবার উন্নয়নের পথে ফিরছে। প্রধানমন্ত্রী মোদির আশীর্বাদে, সুশাসন ও উন্নয়নের মাধ্যমে রাজ্য এগোবে।”
নীতিশ কুমারের দীর্ঘ রাজনৈতিক জীবন এবং জোট পুনর্গঠনের কৌশলের কারণে তিনি দীর্ঘ সময় ক্ষমতায় টিকে আছেন। বর্তমানে তিনি দেশটির আট নম্বর দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী, এবং সম্পূর্ণ মেয়াদ শেষ করলে সর্বকালের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী হওয়ার রেকর্ড স্থাপন করতে পারেন।