সাতটি যুদ্ধ থামানোর অভিজ্ঞতার পর এবার সুদানের সংঘাত অবসানে কাজ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অনুরোধে এ উদ্যোগ নেবেন তিনি।
বুধবার (১৯ নভেম্বর) সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প স্বীকার করেছেন, সুদানে চলমান মানবিক সংকটের কথা এবং তা নিরসনের প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি জানান, শিগগিরই সংযুক্ত আরব আমিরাত, মিসর, সৌদি আরবসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের সঙ্গে এই লক্ষ্যে কাজ শুরু করবে ওয়াশিংটন।
ট্রাম্প বলেন, “সৌদি যুবরাজ চাচ্ছেন আমি সুদানে শক্তিশালী কিছু করি। এরকম কোনো পরিকল্পনা আমার ছিল না। তবে বুঝতে পেরেছি, এটি সৌদি ও তার বন্ধুদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা সুদানে কাজ শুরু করতে যাচ্ছি, যদিও এটা সহজ হবে না।”
এর আগে যুক্তরাষ্ট্র সফরে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে এ বিষয়ে অনুরোধ করেন। মার্কিন প্রেসিডেন্ট সাম্প্রতিক সময়ে সাতটি যুদ্ধ থামানোর দাবি করেছেন, যদিও এ দাবি নিয়ে বিতর্ক রয়েছে।