গাজায় যুদ্ধবিরতি ভেঙে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৯ নভেম্বর) উপত্যকার বিভিন্ন স্থানে কয়েক দফায় বিমান হামলা পরিচালনা করা হয়। এতে ২৮ জন নিহত এবং প্রায় ১শ’ ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।
হামলায় দক্ষিণ ও মধ্য গাজার বিভিন্ন এলাকা লক্ষ্য করা হয়। গাজা সিটির জেইতুন এলাকায় এক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন; তারা সবাই একই পরিবারের সদস্য। এছাড়া, খান ইউনিসের আল-মাওয়াসি শরণার্থী কেন্দ্র ও গাজা সিটির শুজাইয়া অঞ্চলেও হামলা চালানো হয়।
তেলআবিবের দাবি, খান ইউনিসে আইডিএফ সেনাদের ওপর গুলি চালানোর কারণে হামাস সদস্যদের আশ্রয়স্থলকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করা হয়েছে।
হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির লঙ্ঘনের অভিযোগ তুলে এই হামলার প্রতিবাদ জানিয়েছে।
এর আগে, গতকাল লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল-জাজিরার অনুসন্ধানে দেখা গেছে, গত মাসে কার্যকর যুদ্ধবিরতি পরিপালনের পর থেকে অন্তত ৩৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল।