ভারতে প্রত্যার্পণের পরই গ্রেফতার করা হয়েছে কারাবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইকে। বুধবার (১৯ নভেম্বর) দিল্লি বিমানবন্দরে বিমান অবতরণের পরপরই তাকে গ্রেফতার করে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)।
দিল্লির একটি আদালত আনমোলকে ১১ দিনের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। তিনি চলতি বছরের এপ্রিলে যুক্তরাষ্ট্রে গ্রেফতার হন। আনমোলের বিরুদ্ধে ভারতে ৩১টি মামলা দায়ের রয়েছে, যার মধ্যে হাইপ্রোফাইল মামলা অন্তর্ভুক্ত।
আনমোলকে বিশেষভাবে পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ড এবং মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও, ২০২২ সালে বলিউড তারকা সালমান খানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় তার সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।
২০২২ সালে নেপাল হয়ে দুবাই ও কেনিয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান নেয় আনমোল বিষ্ণোই। তিনি ভারতের শীর্ষ সন্ত্রাসী ও বিষ্ণোই গ্যাংয়ের প্রধান লরেন্স বিষ্ণোইয়ের ছোটভাই।