অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের গণতন্ত্রের জন্য সহায়ক ব্যবস্থা। তিনি বলেন, “এখন থেকে আর দিনের ভোট রাতের হয়ে যাবে না, কিংবা মৃত ব্যক্তির ভোট দেওয়ার মতো অনিয়ম ঘটবে না।”
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেয়ার আপিল বিভাগের রায়ের প্রাথমিক প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এসব মন্তব্য করেন।
তিনি আরও বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন। জানা যাবে, পূর্বের ব্যবস্থা অনুযায়ী হবে নাকি জুলাই সনদ অনুসারে।
পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নতুন সংবিধান ছাপানো উচিত উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন, “নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে। তবে এর গঠন কী হবে, তা নির্ধারণ করবে পরবর্তী সংসদ।”
এর আগে, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করে আপিল বিভাগ। একইসঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে দেশের সর্বোচ্চ আদালত।
বৃহস্পতিবার সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন।
রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকার অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে।