জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে বিশাল গণমিছিল করেছে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিমের কর্মী ও সমর্থকরা। বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের চিনিকল রোড থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাপ্ত হয়।
মিছিলে অংশগ্রহণকারীরা ‘পরিবর্তন চাই, জয়পুরহাট-১ আসন’ লেখা রিভিউ প্ল্যাকার্ড ও ধানের শীষ হাতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভকারীরা দাবি করেন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান মনোনয়ন পাওয়ায় জামায়াতের নেতারা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের মতে, এই মনোনয়নের কারণে আসনটি বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে, যা বিএনপির জয়কে প্রভাবিত করতে পারে।
জানা গেছে, জয়পুরহাট-১ আসনে বিএনপির প্রার্থী প্রত্যাশীর সংখ্যা হাফ ডজনের বেশি। এর মধ্যে জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান ছিলেন প্রধান মনোনয়নের দৌড়ে। তবে মাসুদ রানা প্রধান দলীয় মনোনয়ন পান। ফয়সল আলিমের সমর্থকরা মনোনয়ন বাতিল চেয়ে এই কর্মসূচি পালন করেন।
এর আগে, গত ১৪ নভেম্বরও মনোনয়ন বাতিলের দাবিতে শোডাউন অনুষ্ঠিত হয়। এছাড়া মনোনয়ন ঘোষণার কয়েকদিন পর পাঁচবিবিতে মনোনয়ন বাতিলের দাবিতে মিছিল করেছেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর মন্ডল।
গণমিছিলে অংশ নেওয়া বালিঘাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব আবুল হোসেন বলেন,
“আমরা জয়পুরহাট-১ আসনের দলীয় প্রার্থী পরিবর্তন চাই। দলীয় প্রার্থী পরিবর্তন না হলে আসনটি বিএনপির হাতছাড়া হয়ে যাবে।”
এ বিষয়ে জানতে চাইলে বিএনপির প্রার্থী মাসুদ রানা প্রধান সাংবাদিকদের বলেন,
“প্রার্থী পরিবর্তনের গণমিছিল সম্পর্কে কথা বলতে আমার রুচিতে বাঁধছে। যারা মিছিল করেছেন তারা বিএনপির কেউ নন। মিছিলে যারা ছিলেন তারা অতীতেও জিয়া পরিবারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং আবারও সেই চেষ্টা করছেন।”