যারা ককটেল নিক্ষেপ ও বাসে আগুন দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে গুলি চালানোর বিধান পুলিশের আইনেই রয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
ডিএমপি কমিশনার বলেন, সাইবার অপরাধ বিষয়ে নাগরিকদের অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানের জন্য ডিএমপির সাপোর্ট সেন্টার ২৪ ঘণ্টা কাজ করবে। রাজধানীবাসীর সাইবার নিরাপত্তা জোরদারে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে থানার সামনে দায়িত্বরত এক নিরাপত্তা পুলিশ সদস্যকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,
“এতে পুলিশের মনোবল ভেঙে যাবে। পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করবেন না, তাদের আঘাত করবেন না।”
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন,
“পুলিশ দায়িত্ব পালন না করলে ৫ আগস্টের পর যেভাবে জনগণকে নিজেদের ঘরের নিরাপত্তায় লাঠি হাতে রাত জেগে পাহারা দিতে হয়েছে—তেমন পরিস্থিতিতে আবারও পড়তে হবে।”