চাঁদপুর-২ (মতলব উত্তর–দক্ষিণ) আসনে বিএনপির প্রার্থী পুনর্বিবেচনার দাবিতে বুধবার দুই ধাপে বিশাল রাজনৈতিক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে রসুলপুর হাজী চাঁন বক্স সরকার দাখিল মাদ্রাসার মাঠে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় নেতাকর্মীরা ‘মতলবে দরকার শামীম সরকার’ স্লোগান ও ‘রিভিউ চাঁদপুর-২’ ফটো কার্ডের মাধ্যমে রিভিউ দাবির ক্ষোভ প্রকাশ করেন। প্রধান অতিথি প্রফেসর ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, “জনগণের প্রত্যাশা কেন্দ্রীয় নেতাদের কাছে যথাযথভাবে পৌঁছায়নি।
এটি রিভিউ করার সময় এসেছে, নয়তো আসন হারানোর সম্ভাবনা রয়েছে। আমরা ধানের শীষের বিজয়ের জন্য কাজ করব, তবে জনগণের প্রতি দায়বদ্ধ থাকব।”
জনসভা শেষে হাজারো নেতাকর্মী মিছিল বের করেন, যা রসুলপুর থেকে সাহেববাজার পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সন্ধ্যায় মতলব ব্রিজের টোল প্লাজা থেকে শুরু হওয়া মশাল মিছিলেও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার সমর্থকরা অংশ নেন। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রিজের দক্ষিণ প্রান্তে গিয়ে শেষ হয়। বক্তারা অভিযোগ করেন, চাঁদপুর-২ আসনে সঠিক মূল্যায়নের মাধ্যমে মনোনয়ন দেয়া হয়নি। তারা দাবি করেন, তানভীর হুদা এই আসনের জন্য যোগ্য নেতা, যিনি দলের কর্মীদের দুঃসময়ে সহায়তা করেছেন এবং রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলায় কারাবরণ করেছেন।
বক্তারা হুঁশিয়ারি দেন, যদি তাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আরও কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।