নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে এই প্রথম নির্বাচন কমিশনের সংলাপে অংশ নিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১৯ নভেম্বর) সকালেই রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিবন্ধিত ৭টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেয় এনসিপি।
দলটির পক্ষে সংলাপে অংশ নেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এবং যুগ্ম সদস্যসচিব জহিরুল ইসলাম মুসা।
এনসিপির নেতা জহিরুল ইসলাম আচরণবিধি নিয়ে বলেন, “বিধি অনুযায়ী কোনো প্রার্থী তার দলের বর্তমান প্রধান ছাড়া আগের কোনো প্রধান বা অন্য কোনো নেতার ছবি ব্যবহার করতে পারবে না। আপনারা একটা পোট্রেট ছবির নীতিমালা দিয়েছেন, সেটাকে সাধুবাদ জানাই।
আমি নাম উল্লেখ করেই বলি, বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন খালেদা জিয়া। সে ক্ষেত্রে তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী ব্যবহার করলে কমিশনকে প্রথম তারওপর বিধি প্রয়োগ করতে হবে। তখনই আমরা বুঝবো কমিশন কতটা আন্তরিকভাবে এই আইন তৈরি ও প্রয়োগ করছে।”
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে রাজনৈতিক দল ও প্রার্থীরা কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না।
সম্প্রতি জারি করা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫’-এ এই নিয়ম উল্লেখ রয়েছে। এর অর্থ, এবারই প্রথম দেশে পোস্টারবিহীন ভোটের আয়োজন হতে যাচ্ছে।