পল্লবীর যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় ফোর স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসী পাতা সোহেল ও বুকপোড়া সুজনকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে সাভার ও টঙ্গী থেকে তাদের গ্রেফতার করা হয়, র্যাব-৪ এর একটি দল কার্যক্রম চালায়।
বুধবার (১৯ নভেম্বর) বিকেলে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র্যাব-৪ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, কিবরিয়াকে পাতা সোহেলের নির্দেশে হত্যা করা হয়। হত্যার পর শুটারদের অর্থের যোগানও দিয়েছেন পাতা সোহেল। পুলিশের হাতে গ্রেফতার শুটার জনিকে নগদ ৩০ হাজার টাকাও প্রদান করেছিলেন তিনি।
মৃত্যুর পেছনে মিরপুরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কোন্দলকে মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন র্যাব। পাতা সোহেল কার নির্দেশে হত্যাকাণ্ড সংঘটিত করেছে, তা তদন্তাধীন রয়েছে।
র্যাব জানায়, আগস্টের পর কিবরিয়া এলাকার প্রভাবশালী নেতা হয়ে ওঠেন এবং চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রমে বাধা দিতে থাকেন। এর জেরেই ঘটেছে এই নৃশংস হত্যাকাণ্ড।