আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ
দেশের স্বাস্থ্যসেবা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করার দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন।
বুধবার দুপুর ২টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচীতে অংশগ্রহণকারীরা দ্রুত ১০ গ্রেড বাস্তবায়নের জোর দাবি জানান।
মানববন্ধনে অংশ নেওয়া মেডিকেল ফার্মাসিস্ট মোঃ সাইফুল ইসলাম লিটন বলেন, অন্য ডিপ্লোমাধারী কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণীতে উন্নীত করা হলেও আমাদের প্রতি বৈষম্য রয়ে গেছে। তাই ১০ গ্রেড বাস্তবায়ন জরুরি।
মেডিকেল টেকনোলজিস্টরা আরও বলেন, দশম গ্রেড আমাদের অধিকার, দাবি নয়। দীর্ঘ আন্দোলনের পরও বারবার প্রতিশ্রুতি ভঙ্গের শিকার হচ্ছি।
এবার সরাসরি সিদ্ধান্ত চাই, না হলে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যেতে বাধ্য হব।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি দ্রুত ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানান।