আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ
বরিশালের নতুন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান ও জেলা প্রশাসক (ডিসি) খায়রুল আলম সুমনের সঙ্গে জেলা পর্যায়ের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নতুন প্রশাসনিক নেতৃত্বে জেলার সামগ্রিক উন্নয়নকে আরও গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নিতে এ সভাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান এবং সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খায়রুল আলম সুমন।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব, পুলিশ সুপার মো. শরিফ উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুরুতে কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। পরে বরিশাল জেলার সামগ্রিক চিত্র, চলমান উন্নয়ন প্রকল্প, সম্ভাবনাময় খাত ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। পরবর্তী আলোচনায় অতিথিরা বরিশাল বিভাগের অবকাঠামো উন্নয়ন, সেবা প্রদানে প্রযুক্তির ব্যবহার, নদীভাঙন প্রতিরোধ ও কৃষি-শিল্প সম্প্রসারণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মত দেন।
পরে দুপুর ১২টায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং নির্ধারিত সময়ে প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।