‘বিএনপি বিপ্লবী নয়, মুক্ত স্বাধীনচেতা গণতান্ত্রিক দল’ — মির্জা ফখরুল

Date: 2025-11-19
news-banner

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোনো বিপ্লবী দল নয়; এটি মুক্ত, স্বাধীনচেতা ও গণতন্ত্রে বিশ্বাসী রাজনৈতিক দল—এমন মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য শুরু থেকেই লড়াই করে আসছে, আর দেশের মানুষও শত শত বছর ধরে গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছে।

বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর গুলশানের একটি হোটেলে ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও ডকুমেন্টারি প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের দায়ে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনার রায় দেওয়া হচ্ছে, তখন অন্যদিকে দেশে মবক্রেসি বা সহিংসতার পরিস্থিতি তৈরি করা হচ্ছে। বিশেষ একটি মহল রায়ের গুরুত্ব আড়াল করতে ভিন্নদিকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে বলে মনে হয়।” তিনি রাজনৈতিক দলগুলোকে এ বিষয়ে সতর্কভাবে খতিয়ে দেখার আহ্বান জানান।

দেশকে গণতন্ত্রের পথে ফেরানোর তাগিদ দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে না চাইলে গণতন্ত্রে ফিরতে হবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন করতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বিএনপিসহ তাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

সংস্কার ইস্যুতে তিনি বলেন, “আজকে যদি কেউ এককভাবে সংস্কারের দাবি তোলেন, সেটা সংকীর্ণতা ছাড়া কিছু নয়। বিএনপি বহুদিন ধরেই প্রকৃত সংস্কারের কথা বলে আসছে।”

Leave Your Comments