আশুলিয়ায় ৬ জনকে হত্যা করে মরদেহ পোড়ানোর ঘটনায় ট্রাইব্যুনালে রাজসাক্ষীর জবানবন্দি

Date: 2025-11-19
news-banner

জুলাই আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনকে হত্যা করে মরদেহ পুড়িয়ে ফেলার নৃশংস ঘটনার মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার রাজসাক্ষী ও সাবেক এসআই শেখ আবজালুল হক। বুধবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

জবানবন্দিতে আবজালুল হক জানান, আশুলিয়া থানার ওসি ছায়েদ ও এএসআই বিশ্বজিৎসহ কয়েকজন পুলিশ সদস্য মিলে থানার সামনেই গুলি করে ছয়জনকে হত্যা করে। পরে তাদের মরদেহ পিকআপ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। নিহতদের মধ্যে একজন তখনও জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়।

মামলার ১৬ আসামির মধ্যে গ্রেফতার রয়েছে আটজন। তারা হলেন—ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল। অন্যদিকে সাবেক এমপি সাইফুল ইসলামসহ বাকি আটজন এখনও পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে ছয়জন নিহত হন। পরে তাদের মরদেহ পুলিশের ভ্যানে তুলে পেট্রোল ঢেলে আগুনে পোড়ানো হয়। এ ঘটনায় গত বছরের ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

Leave Your Comments