প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫
সময়: ১২:১৩ পিএম
দক্ষিণ লেবাননের ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের ড্রোন হামলায় নিহত ১৩
দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী ক্যাম্পে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দু'পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার (১৯ নভেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে, হামলা মঙ্গলবার (১৮ নভেম্বর) সংঘটিত হয়। হামলায় ক্যাম্পের মসজিদের পাশে পার্ক করা একটি গাড়ি লক্ষ্য করা হয়। ইসরায়েল দাবি করছে, হামলার লক্ষ্য ছিলেন হামাস সদস্যরা। তবে মুক্তিকামী গোষ্ঠী এই দাবি অস্বীকার করেছে।
উল্লেখ্য, ক্যাম্পটি লেবাননের সবচেয়ে বড় ফিলিস্তিনি শরণার্থী কেন্দ্র। যুদ্ধবিরতি চললেও প্রায় প্রতিনিয়ত লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে।