গাজা পুনর্গঠনের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাকে পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সোমবার (১৭ নভেম্বর) এ তথ্য জানিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা পুনর্গঠনে ‘২০ দফা শান্তি চুক্তি’ প্রস্তাবনার আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা পরিষদ গ্রহণ করে। প্রস্তাবে রয়েছে যুদ্ধবিরতি এবং গাজার নিরাপত্তা নিশ্চিত করতে একটি ‘বোর্ড অব পিস’ গঠনের উদ্যোগ।
যুদ্ধবিরতি ও জিম্মি হস্তান্তরে ট্রাম্পের শান্তি চুক্তিকে স্বীকৃতি দিলেও, জাতিসংঘের এই প্রস্তাবনায় হামাস পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে। প্রস্তাবনায় আন্তর্জাতিক বাহিনী গঠনের মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণ, গাজার অ-সামরিকীকরণ এবং নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। তবে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিদেশী হস্তক্ষেপ মানতে নারাজ হামাস এবং আগ্রাসনে ব্যাপক ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিরা এই প্রস্তাবে সহমত প্রকাশ করেনি।
নিরাপত্তা পরিষদের ১৪ সদস্য দেশ প্রস্তাবনায় সমর্থন জানিয়েছে। কূটনীতিকরা মনে করছেন, এটি গাজার ভবিষ্যৎ নির্ধারণে একটি বড় পদক্ষেপ হতে যাচ্ছে। প্রস্তাবনার মেয়াদ নির্ধারিত হয়েছে ২০২৭ সাল পর্যন্ত।