নোয়াখালীর কোম্পানীগঞ্জে তানিশা মনি (১১) নামে এক শিশু মঙ্গলবার বিকেলে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শিশুটি একই বাড়ির মৃত মোশরফ হোসেনের মেয়ে এবং স্থানীয় বাংলা বাজার ক্যাডেট মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে মনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন বসতঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গাজী ফৌজুল আজিম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশুটি আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং ময়নাতদন্ত শেষে পরিবারকে হস্তান্তর করা হবে। পুলিশ আত্মহত্যার কারণ জানতে চেষ্টা চালাচ্ছে।
পরিবার ও পুলিশ এখনও আত্মহত্যার কারণ জানাতে পারেনি।