সিইসি: সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে শুধু ইসি নয়, দলগুলোকেও জাতির কাছে ওয়াদাবদ্ধ

Date: 2025-11-19
news-banner

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দায়িত্ব শুধুমাত্র নির্বাচন কমিশনের নয়; রাজনৈতিক দলগুলোও জাতির কাছে ওয়াদাবদ্ধ। বুধবার (১৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ৭টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপের শুরুতে তিনি এই মন্তব্য করেন।

সিইসি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়েও ভোটে বড় ভূমিকা রাখে রাজনৈতিক দলগুলো। দলগুলো আন্তরিকভাবে কাজ করলে নির্বাচন কমিশনকে বাড়তি চাপ নিতে হয় না।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশন নিয়মিত সংলাপ চালাচ্ছে। এর ধারাবাহিকতায় বুধবার বিএনপি ও জামায়াতসহ ১৩ দলের সঙ্গে সংলাপে বসেছে ইসি। প্রথম দফায় সকালে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি, ইনসানিয়াত বিপ্লব, গণসংহতি আন্দোলন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এবং বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে সংলাপ অনুষ্ঠিত হয়।

বেলা ২টা থেকে বিএনপি, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সংলাপে অংশ নেবে। এর আগে গত দুই দিনে ২৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন হয়েছে।

সংলাপে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো সুষ্ঠু ভোট আয়োজনে আচরণবিধি মেনে চলা এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা বিষয়ে ইসির ক্ষমতা প্রয়োগের ওপর জোর দিয়েছেন।

Leave Your Comments