মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে যোগদান করেই গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় তিনি বলেন, “ভোটরক্ষা মানে দেশরক্ষা। আগামী নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করাই এখন আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন, “ভোট সুরক্ষা আমার ওপর অর্পিত পবিত্র আমানত। আমি কোনোদিন কারো আমানতের ক্ষতি করিনি। জীবনে এক টাকাও ধার করিনি, ঋণ নেইনি, হারাম খাইনি। সরকারি চাকরিতে এসে কখনো বদলি বা পোস্টিংয়ের জন্য তদবির করিনি, যেখানে পাঠানো হয়েছে সেখানেই দায়িত্ব পালন করেছি।”
নবাগত ডিসি জানান, পঞ্চগড়ে পদায়নের পর গণমাধ্যমকর্মীসহ সার্বিকভাবে যে ভালোবাসা তিনি পেয়েছেন তা তাকে অভিভূত করেছে। তিনি বলেন, “এই ভালোবাসা আমার ওপর দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। কাজের মাধ্যমে সেই দায়িত্ব পালন করতে চাই।”
তিনি আরও বলেন, “আমি বহু বছর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ দিয়েছি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি আমার শুরু থেকেই। নিজে দুর্নীতি করি না, অন্যকেও করতে দিই না। পঞ্চগড়ে একটি লাগেজ আর কিছু ব্যাগ নিয়ে এসেছি, সেই একটি লাগেজ আর আপনাদের ভালোবাসা নিয়েই আবার বিদায় নেব।”
গিফট বা ফুল দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে জেলা প্রশাসক বলেন,
“আমার অফিসে আসবেন, দেখা করবেন, কথা বলবেন—কিন্তু কেউ ফুল বা উপহার আনবেন না। গিফট অপছন্দ করি। আপনাদের দোয়া আমার জন্য যথেষ্ট।”
মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি এবং সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।