নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আওয়ামী লীগ নেতা হুমায়ুন (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ফরাজিকান্দা এলাকার মাকসুদুর রহমান মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার (১৭ নভেম্বর) দুপুরে তাকে বন্দর থানায় দায়ের করা ১১(১১)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার (১৬ নভেম্বর) রাতে ফরাজিকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে বন্দর থানার আওতাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের প্রায় ৫০–৫৫ জনের একটি দল জড়ো হয়। পরে তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানার ব্যবহার করে একটি ঝটিকা মশাল মিছিল বের করে।
বিষয়টি পুলিশের নজরে এলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ঘটনাস্থলে পৌঁছায়। তখন মিছিলকারীরা ১৫–২০টি মোটরসাইকেলযোগে বিভিন্ন স্লোগান দিতে দিতে দ্রুত ঢাকা অভিমুখে সরে যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হুমায়ুনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।