সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা-১ (সদর–দেবহাটা) আসনে বিএনপির সাবেক সদস্য সচিব ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য চেয়ারম্যান আব্দুল আলিমকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মী এবং আলিম সমর্থকরা।
মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা দুই ঘণ্টা সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মিলবাজার এলাকায় এ সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশ নেন। অনেকেই সড়কে শুয়ে থেকে মনোনয়ন দাবিতে প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য দেন লাবসা ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির নেতা আতিয়ার রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, ইউপি সদস্য ও বিএনপি নেতা তাজমিনুর রহমান টুটুল, ইসমাইল হোসেন নিরবসহ আরও অনেকে।
বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে হামলা-মামলাসহ কঠিন সময়ে আব্দুল আলিম সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। ১৯৮৮ সাল থেকে তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং টানা ১৯ বছর সদর উপজেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে স্বৈরাচারবিরোধী আন্দোলনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
নেতাকর্মীরা দাবি করেন, এলাকার জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা ও ত্যাগের মূল্যায়ন করলে সাতক্ষীরা-১ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি আব্দুল আলিমই। মনোনয়ন না দেওয়া হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।