শামীম ওসমানের সাবেক বডিগার্ড জিতু এখন বেপরোয়া! কাশীপুরে উত্তেজনা বাড়ছে

Date: 2025-11-18
news-banner

নারায়ণগঞ্জ প্রতিনিধি: 



নারায়ণগঞ্জের কাশীপুর এলাকায় সম্প্রতি আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শামীম ওসমানের সাবেক বডিগার্ড হিসেবে পরিচিত জিতু। স্থানীয়দের অভিযোগ, তিনি এখন এলাকায় বেপরোয়া আচরণ শুরু করেছেন এবং কাশীপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতায় আনার প্রক্রিয়ায় নানাভাবে বাধা দিচ্ছেন।

অভিযোগ রয়েছে, রাজনৈতিক প্রভাব বিস্তারের লক্ষ্যে জিতু সচেতনভাবেই এসব কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন তিনি। স্থানীয়দের দাবি, ইউনিয়নটি সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলে তার রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে—এই আশঙ্কা থেকেই তিনি প্রক্রিয়াটি ঠেকাতে মরিয়া।

কাশীপুরের বাসিন্দারা জানান, জিতু বর্তমানে এলাকায় প্রভাব খাটিয়ে বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করছেন। কেউ তার বিরুদ্ধে কথা বললে নানা হয়রানির শিকার হতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “জিতুর প্রভাব এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, অনেকে তার ভয়ে মুখই খুলতে পারেন না।”

তথ্য পাওয়া গেছে, অতীতে একটি বিদ্যালয়ের ম্যাগাজিন প্রকাশের অর্থ আত্মসাতের অভিযোগেও তার নাম ওঠে এসেছিল। বিষয়টি নিয়ে এলাকায় ক্ষোভ থাকলেও তার প্রভাবের কারণে ঘটনাটি প্রশাসনিকভাবে চাপা পড়ে যায় বলে অভিযোগ স্থানীয়দের।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শামীম ওসমান ও সাইফুল্লাহ বাদল কাশীপুরকে সিটি কর্পোরেশনের আওতায় না আনার জন্য সক্রিয় ভূমিকা রেখেছিলেন। বর্তমানে যেন সেই ধারাবাহিকতার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন জিতু।

এ বিষয়ে জিতুর মন্তব্য জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে প্রশাসনিক সূত্র জানায়, কাশীপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের সঙ্গে যুক্ত করার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। তবে স্থানীয় রাজনীতির স্বার্থ জড়িত থাকায় সিদ্ধান্ত বাস্তবায়ন বিলম্বিত হচ্ছে।

কাশীপুরের সাধারণ মানুষের দাবি, উন্নয়ন ও নাগরিক সেবার স্বার্থে ইউনিয়নকে দ্রুত সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত করা হোক। তাদের বক্তব্য—রাজনৈতিক স্বার্থ নয়, জনগণের স্বার্থই অগ্রাধিকার পাওয়া উচিত।

Leave Your Comments