বরিশালের নদীতে কীটনাশক ছিটিয়ে চিংড়ি শিকার জীববৈচিত্র্য ধ্বংস- প্রশাসনের নীরবতা!

Date: 2025-11-18
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরোঃ বরিশাল সদর উপজেলার বিভিন্ন নদী–খাল ও চরাঞ্চলে চলছে ভয়াবহ পরিবেশ–বিনাশী অপরাধমূলক কার্যক্রম। কৃষি জমিতে ব্যবহৃত মারাত্মক বিষাক্ত কীটনাশক নদীতে ছিটিয়ে চিংড়ি ও মাছ ধরা হচ্ছে প্রতিনিয়ত। এতে নদীর জীববৈচিত্র্য সম্পূর্ণরূপে হুমকির মুখে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ—চারবাড়ীয়া ইউনিয়নের চরআবদানী, তালতলি, কদমতলার চর, ভাঙ্গারপার; চরমোনাই ইউনিয়নের পসুরিকাঠী, গিলাতলি, কালিগঞ্জ, বুখাইনগর; সায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠী, পানবাড়ীয়া, কামারপাড়া, চন্দ্রমোহন, কাটাদিয়া, মিয়ারহাটসহ বিস্তীর্ণ এলাকায় রাতে দলবেঁধে নদীতে বিষ ছিটিয়ে চিংড়ি শিকার করা হয়।

নদীর পানির স্তর কমলে স্থানীয় ভাষায় “জোবা” পড়ার সময়ই এই কাজ বেশি হয়। ভোর হলে নদীর তীরে দেখা যায় ভাসমান মৃত মাছ, চিংড়ি, কাঁকড়া, ব্যাঙসহ নানা জলজ প্রাণী।

পরিবেশ বিজ্ঞানীদের মতে, এ কাজে ব্যবহৃত হচ্ছে “Lambda Cyhalothrin 10% EC” নামের অত্যন্ত বিষাক্ত কীটনাশক। পানি দূষণসহ মানুষের স্নায়ুতন্ত্র, লিভার ও শ্বাসযন্ত্রের জন্য এ রাসায়নিক অত্যন্ত ক্ষতিকর। দীর্ঘমেয়াদে ক্যান্সার, চর্মরোগ ও জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ায়।

এ অপরাধের পেছনে রয়েছে নগরীর কিছু ব্যবসায়ীর প্ররোচনা। স্থানীয় হাটখোলোসহ বিভিন্ন দোকানে অধিক মুনাফার আশায় বিক্রেতারা নিজেরাই বলে দিচ্ছেন—কীভাবে কত পরিমাণ বিষ দিলে দ্রুত মাছ মারা যাবে।

আইন অনুযায়ী, নদীতে বিষ প্রয়োগ করে মাছ ধরা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫, পেস্টিসাইডস অর্ডিন্যান্স ১৯৭১ এবং মৎস্য সংরক্ষণ আইনসহ একাধিক বিধি লঙ্ঘনের শামিল। এ অপরাধে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানার বিধান রয়েছে।

চরমোনাই এলাকার এক বাসিন্দা বলেন, প্রতিবাদ করলে বলে, উপরওয়ালার লোক আছি পিছে। তাই কাউকেই কিছু বলতে পারি না। প্রশাসনও কোন ব্যবস্থা নেয় না।

এদিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইন বলেন, নদীতে কীটনাশক ব্যবহার করে মাছ ধরা গুরুতর অপরাধ। আমরা বিষয়টি তদন্ত করছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলার সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন বলেন, এটি সরাসরি পরিবেশ হত্যা। দায়ীদের কেউ ছাড় পাবে না।

স্থানীয়দের দাবি—এখনই কঠোর ব্যবস্থা না নিলে নদীমাতৃক বরিশালের জেলাসম্পদ ও পরিবেশ ধ্বংসের মুখে পড়বে। নদী বাঁচাতে জরুরি ভিত্তিতে অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।

Leave Your Comments