জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (NCSA) সোমবার (১৭ নভেম্বর) গণমাধ্যমকে জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত এবং পলাতক আসামি শেখ হাসিনার বক্তব্য ও বিবৃতি প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছে। এ বিষয়ে একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কিছু প্রিন্ট, ইলেকট্রনিক সংবাদমাধ্যম এবং অনলাইন নিউজ পোর্টাল দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামির বক্তব্য প্রচার করছে। এই ধরনের প্রচার সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত করতে পারে এবং সহিংসতা, বিশৃঙ্খলা ও অপরাধমূলক কার্যকলাপ সৃষ্টির আহ্বান বা নির্দেশনার সুযোগ তৈরি করে।
NCSA আরও উল্লেখ করেছে, দণ্ডপ্রাপ্ত ও পলাতক আসামিদের বক্তব্য প্রচার সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর নিয়মাবলির পরিপন্থী। বিশেষত, অধ্যাদেশের:
-
ধারা ৮(২): ডিজিটাল বা ইলেকট্রনিক গণমাধ্যমে দেশের অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলা বিঘ্নিত করা তথ্য অপসারণ বা ব্লক করার অধিকার।
-
ধারা ২৬(১): ছদ্ম পরিচয় বা অবৈধ প্রবেশের মাধ্যমে ঘৃণা, জাতিগত বিদ্বেষ বা সহিংসতা প্ররোচনাকারী বক্তব্য প্রকাশ/প্রচার অপরাধ এবং দণ্ডনীয়।
-
ধারা ২৬(২): অপরাধীদের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, বা সর্বোচ্চ ১০ লক্ষ টাকা অর্থদণ্ড, অথবা উভয় দণ্ড প্রদান করা যেতে পারে।
বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে, দণ্ডপ্রাপ্ত আসামিদের সহিংসতা, উসকানিমূলক বা অপরাধমূলক বিবৃতি প্রচার থেকে বিরত থাকতে এবং আইনি দায়বদ্ধতা বিবেচনায় রাখতে।