জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (OHCHR) সোমবার (১৭ নভেম্বর) শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে। জেনেভা থেকে এক বিবৃতিতে সংস্থার মুখপাত্র রাভিনা শামদাসানি বলেন, এই রায় গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
শামদাসানি বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে OHCHR-এর অনুসন্ধানমূলক প্রতিবেদন প্রকাশের পর থেকে সংস্থাটি বারবার আহ্বান জানিয়েছে যে—নির্দেশনা ও নেতৃত্বের অবস্থানে থাকা ব্যক্তিসহ সকল দোষীকে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী জবাবদিহির মুখোমুখি হতে হবে। এছাড়া ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণ পাওয়ার সুযোগ নিশ্চিত করা জরুরি।
তিনি আরও জানান, সংস্থাটি সরাসরি বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেনি, তবে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে পরিচালিত যেকোনো জবাবদিহি প্রক্রিয়ায় ন্যায়বিচার ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের গুরুত্ব সম্পর্কে নিয়মিতভাবে আহ্বান জানিয়ে আসছে। বিশেষত এই মামলায় আসামির অনুপস্থিতিতে বিচার এবং মৃত্যুদণ্ড প্রদানের প্রেক্ষাপটে আন্তর্জাতিক মানদণ্ডের প্রয়োজনীয়তা আরও বেশি।
শামদাসানি মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি দুঃখের সঙ্গে উল্লেখ করে বলেন, OHCHR সব পরিস্থিতিতেই মৃত্যুদণ্ডের বিরোধিতা করে।
রায়ের পর তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে সংযত আচরণের আহ্বান জানান। পাশাপাশি হাইকমিশনার ভলকার টুর্ক আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ সত্য উদ্ঘাটন, ক্ষতিপূরণ ও ন্যায়বিচারের সমন্বিত প্রক্রিয়া গ্রহণ করবে। এ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মানদণ্ডসম্মত, অর্থবহ ও রূপান্তরমূলক নিরাপত্তা খাত সংস্কার থাকা উচিত, যাতে ভবিষ্যতে এমন লঙ্ঘন ও নির্যাতন পুনরায় না ঘটে।
OHCHR উল্লেখ করেছে, এই কাজে বাংলাদেশ সরকার ও জনগণকে সহযোগিতা করতে কার্যালয় সদা প্রস্তুত।