শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত রায় বাস্তবায়নের দাবি চানখারপুলবাসীর

Date: 2025-11-18
news-banner

চানখারপুল ও এর আশপাশের এলাকার বাসিন্দারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়কে স্বাগত জানিয়েছেন। তারা দাবি করছেন, ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করা হোক

স্থানীয়দের স্মৃতিচারণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল ও আশেপাশের গলিতে ৬ জনকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডসহ ৩টি নির্দিষ্ট অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীকে নির্দেশদাতা হিসেবে দায়ী করে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড প্রদান করেছে।

রায়ের পর স্থানীয়রা গভীর স্মৃতিকাতর হয়েছেন। তারা যমুনা টেলিভিশনকে জানান, ওইদিনের নৃশংসতা চোখের সামনে ছিল এবং আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কোনো সরকার যেন এ ধরনের হত্যাকাণ্ড পুনরায় চালাতে না পারে।

এর আগে, জুলাই গণঅভ্যুত্থানের সময়, চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ গুলি চালায়, যার ফলে বহু হতাহতের ঘটনা ঘটে। এতে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক এবং মানিক মিয়া।

স্থানীয়রা মনে করছেন, রায় কার্যকর হলে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে এবং ভবিষ্যতে শিক্ষার্থীদের ওপর এ ধরনের সহিংসতা রোধ করা সম্ভব হবে

Leave Your Comments