চলমান মামলার জমি ও চলাচলের রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারি নির্মাণের অভিযোগ, চলাচলে আটকা ১৫ পরিবার

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় প্রতিনিধি:



পঞ্চগড়ে চলমান মামলার জমি ও এলাকার ১৫টি পরিবারের চলাচলের প্রধান রাস্তা জোরপূর্বক দখল করে বাউন্ডারি দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সাবেক চিকিৎসক ডা. বাহারাম আলীর বিরুদ্ধে।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বানিয়াপট্টি এলাকায় এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন ভুক্তভোগী তহিমা খাতুন, যিনি আটোয়ারী উপজেলার রাঁধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের বাসিন্দা।

তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় বাসিন্দা শহিদুল ইসলাম ওরফে সাইমুল পঞ্চগড় আদালতে একটি সিভিল মামলা দায়ের করেন, যা এখনও বিচারাধীন। মামলার স্থিতি বজায় থাকার কথা থাকলেও অভিযুক্ত ডা. বাহারাম আলী স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সহায়তায় জোরপূর্বক জমি দখল করে ইটের বাউন্ডারি দেয়াল নির্মাণ শুরু করেছেন।

তহিমা খাতুন অভিযোগ করে আরও বলেন,

  • ডা. বাহারাম দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন ভূমি দখল করে আসছেন।

  • বাদীপক্ষ বাড়িতে না থাকার সুযোগে চলাচলের রাস্তা দখল করে বাউন্ডারি নির্মাণ করছেন।

  • এ কারণে ভুক্তভোগীসহ ১৫টি পরিবার চলাচলে সম্পূর্ণ আটকা পড়ে চরম দুর্ভোগে পড়েছে।

তিনি অবৈধ দখল ও নির্মাণ কাজ বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানান। পাশাপাশি চলমান মামলার স্থিতি রক্ষারও আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চিকিৎসক ডা. বাহারাম আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।