বন্দরে পাঞ্জাবি দোকানের কর্মচারি সাফিদ ৫ দিন ধরে নিখোঁজ

Date: 2025-11-18
news-banner

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি:



নারায়ণগঞ্জের বন্দরে পাঞ্জাবি দোকানের কর্মচারি সাফিদ (২২) নামে এক যুবক গত ৫ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বহু স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে তার মা খোরশেদা বেগম সোমবার (১৭ নভেম্বর) দুপুরে বন্দর থানায় একটি নিখোঁজ সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি নং— ৯৪১, তারিখ— ১৭-১১-২০২৫

নিখোঁজ সাফিদ বন্দর থানার ২১ নম্বর ওয়ার্ডের সালেহনগর এলাকার মোক্তার হোসেন মিয়ার ছেলে। গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজ বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকেই তিনি নিখোঁজ।

মা খোরশেদা বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে শহরের একটি পাঞ্জাবি দোকানে কর্মচারি হিসেবে কাজ করছিল। ঘটনার দিন সন্ধ্যায় বন্দর আমিন আবাসিক এলাকার নয়নসাজু নামের তার দুই বন্ধু বাসায় এসে সাফিদকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ হওয়ার পর তার ব্যবহৃত মোবাইল নম্বর ০১৪০৬৮০০৯৬০ বন্ধ পাওয়া যায়। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো তথ্য না মেলায় থানায় নিখোঁজ জিডি করা হয়েছে।

বন্দর থানা পুলিশ জানায়, জিডি পাওয়ার পর থেকেই নিখোঁজ যুবককে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হচ্ছে এবং তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

নিখোঁজ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। পরিবার দ্রুত সাফিদের সন্ধান দাবি করেছে।

Leave Your Comments