মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে বাবুগঞ্জে ছাত্রদল কর্মী নিহত, আহত ৮

Date: 2025-11-18
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল ব্যুরো:


বরিশালের বাবুগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়কে কেন্দ্র করে আয়োজিত মিষ্টি বিতরণ অনুষ্ঠানে দাওয়াত পাওয়া–না পাওয়া সংক্রান্ত বিরোধ থেকে দু’পক্ষের সংঘর্ষে রবিউল ইসলাম (২৫) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীর নগর (আগরপুর) ইউনিয়নে এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম জাহাঙ্গীর নগর ইউনিয়ন ছাত্রদলের কর্মী ছিলেন। তার মরদেহ শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংঘর্ষে আহত আরও অন্তত আটজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাবুগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মিষ্টি বিতরণের অনুষ্ঠানে দাওয়াত পাওয়া–না পাওয়া নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে একজন নিহত এবং কয়েকজন আহত হয়েছেন।”

ঘটনার পরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে, তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Leave Your Comments