ঝিনাইদহে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, ১৮ বাংলাদেশি আটক

Date: 2025-11-17
news-banner

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে ১৮ জন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ, সাতজন নারী এবং চারজন শিশু রয়েছেন। তারা নড়াইল, কক্সবাজার, যশোরসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৮ বিজিবি অধীন বাঘাডাঙ্গা ও খোশালপুর বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পারাপারের অপরাধে তাদের আটক করেছে।

অন্যদিকে, উথলী ও কুমিল্লাপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী অভিযানে ৩৮ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ১৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে।

মহেশপুর ৫৮ বিজিবি সহকারী পরিচালক ইমদাদুর রহমান জানান, আটক ব্যক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Leave Your Comments