জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি দুই আসামির সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে দুইজনই বর্তমানে পলাতক অবস্থায় রয়েছেন। রায়ের পরই বাংলাদেশ সরকার তাদের হস্তান্তরের জন্য ভারতের কাছে আহ্বান জানিয়েছে। অপরদিকে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ এই রায় প্রত্যাখ্যান করেছে।
ট্রাইব্যুনাল আইনে বলা হয়েছে, রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল করতে হলে সাজাপ্রাপ্ত আসামিকে অবশ্যই আত্মসমর্পণ করতে হবে অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হতে হবে। অর্থাৎ, দেশে না ফেরার কারণে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের আপিল করার কোনো সুযোগ নেই।
একইসাথে রাষ্ট্রপক্ষও ৩০ দিনের মধ্যে আপিল বিভাগে রায় নিয়ে যেতে পারবে। এই আইনি কাঠামোর মধ্যে পলাতক আসামিদের দেশে ফেরানো ও রায় কার্যকর করাই একমাত্র উপায়।