বরিশালে বিদ্যুতের খুঁটিতে ঝুলছে অবৈধ তার, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

Date: 2025-11-17
news-banner

আবু জাফর বিশ্বাস, বরিশাল:


বরিশাল নগরীতে বৈদ্যুতিক খুঁটিতে অবৈধভাবে ইন্টারনেট ও ক্যাবল টিভি অপারেটরদের অসংখ্য তার ঝুলছে, যা দিনে দিনে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে। খুঁটির ওপর অতিরিক্ত চাপের কারণে কোথাও খুঁটি হেলে পড়ছে, আবার কোথাও পুরো তারের জট ভেঙে যাচ্ছে।

নগরজুড়ে মহাসড়ক, অলিগলি, ফুটপাত ও বাজার—বিশেষ করে সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজার, ফকিরবাড়ি রোড, হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। বর্ষাকালে সড়কে পানি জমলে তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যা দেখা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। ফায়ার সার্ভিস জানিয়েছে, শর্ট সার্কিট ও তারের জটিলতার কারণে অধিকাংশ বৈদ্যুতিক অগ্নিকাণ্ড ঘটে থাকে।

একটি বেসরকারি ইন্টারনেট কোম্পানির ইঞ্জিনিয়ার বলেন, “এই তারের জট কেবল দৃষ্টিকটু নয়, এটি বিদ্যুৎ ব্যবস্থাপনার অদক্ষতার প্রকট বহিঃপ্রকাশ। উন্নত দেশে আলাদা পাইপলাইনে ক্যাবল যায়, এখানে স্তুপ বানানো হয়েছে।”

১৯৯০-এর দশক থেকে অপারেটররা অনুমতি ছাড়া খুঁটি ব্যবহার করে আসছে। পর্যাপ্ত তদারকি না থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে।

বিটিসিএল বরিশালের উপ-মহাব্যবস্থাপক শামীম ফকির বলেন, “ঝুলন্ত তারের কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি। দ্রুত এসব অপসারণ প্রয়োজন।” বরিশাল সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) অহিদ মুরাদ জানান, প্রশাসক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার বলেন, “অনুমতি ছাড়া বছরের পর বছর ইন্টারনেট–ক্যাবল অপারেটররা খুঁটি ব্যবহার করছে। শৃঙ্খলায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

Leave Your Comments