আবু জাফর বিশ্বাস, বরিশাল:
বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের কমলাপুর গ্রামে নিজ বাড়ির পুকুরঘাট থেকে যুবলীগ নেতা আমিনুল ইসলাম হাওলাদার (৪২)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে গৌরনদী মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহত আমিনুল ছিলেন মৃত বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হাওলাদারের ছেলে এবং খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য।
নিহতের স্ত্রী পারভীন আক্তার অভিযোগ করেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে মোবাইলে কথা বলতে বলতে স্বামী ঘর থেকে বের হন। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। সকালে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরঘাটে পড়ে থাকা মোবাইল ফোন ও রক্তের দাগ দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। তিনি বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।”
খাঞ্জাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরিদ হোসেন বেপারী বলেন,
“আমিনুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত ঘটনার সঠিক তদন্ত ও জড়িতদের গ্রেপ্তার চাই।”
গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, ঘটনার স্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে এবং শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড হিসেবে ধরা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে।