জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় র্যাবকে লক্ষ্য করে অতর্কিত গুলির ঘটনায় জবা আক্তার (২২) নামে এক নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ফতুল্লার পশ্চিম মাসদাইর বালুরমাঠ এলাকার গাইবান্ধা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেপ্তারের জন্য র্যাব-১১ এর একটি গোয়েন্দা দল এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়েই জাহিদ ও তার সহযোগীরা দলটির ওপর গুলি ছোড়ে। এ সময় ছোড়া গুলির একটি স্থানীয় বাড়ির রান্নাঘরে থাকা জবা আক্তারের বুকে গিয়ে লাগে।
তার স্বামী রহিম উদ্দিন জানান,
“স্ত্রী রান্না করছিলেন, হঠাৎ গুলি এসে বুকে লাগে। কোথা থেকে গুলি এসেছে নিশ্চিত নই।”
গুলিবিদ্ধ অবস্থায় জবা আক্তারকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এর আগে গত শনিবার মাসদাইর এলাকায় নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক নাহিদুর রহমান পারভেজের ওপর ছুরিকাঘাত ও গুলির ঘটনা ঘটায় জাহিদ ও তার সহযোগীরা। ঘটনার পর থেকেই র্যাব-১১ জাহিদকে ধরতে অভিযান চালিয়ে আসছে।
নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান বলেন—
“শনিবারের ঘটনার পর থেকেই জাহিদকে গ্রেপ্তার করতে অভিযান চলছে। তার সন্ত্রাসী কর্মকাণ্ডে রোববার এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।”