সীমান্তে দেয়াল নির্মাণে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ জানাতে প্রস্তুত লেবানন

লেবানন জানিয়েছে, দেশটির দক্ষিণ সীমান্তে ইসরায়েলের নির্মিত কংক্রিটের প্রাচীর জাতিসংঘ-নির্ধারিত ‘ব্লু লাইন’ অতিক্রম করায় তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (UNSC) আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে যাচ্ছে। শনিবার (১৫ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

‘ব্লু লাইন’ হলো জাতিসংঘ চিহ্নিত সীমারেখা, যা লেবাননকে ইসরায়েল ও ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমি থেকে পৃথক করে। ২০০০ সালে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবানন থেকে প্রত্যাহারের সময় এই সীমারেখা পর্যন্তই পিছু হটে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান দ্যুজারিক শুক্রবার (১৪ নভেম্বর) জানান, ইসরায়েলের প্রাচীর নির্মাণের ফলে লেবাননের অন্তত ৪,০০০ বর্গমিটার (প্রায় এক একর) এলাকা স্থানীয় বাসিন্দাদের জন্য অপ্রবেশযোগ্য হয়ে গেছে। লেবাননের প্রেসিডেন্সিও বিষয়টি নিশ্চিত করে বলেছে, ইসরায়েলের চলমান সীমান্ত নির্মাণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব ১৭০১–এর স্পষ্ট লঙ্ঘন, যা লেবাননের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার ওপর আঘাত।

দ্যুজারিক আরও জানান, সীমান্তে দায়িত্ব পালনরত জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী ইউএনআইএফআইএল ইতোমধ্যে প্রাচীরটি অপসারণের আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, ইসরায়েলি সামরিক বাহিনীর (আইডিএফ) এক মুখপাত্র শুক্রবার দাবি করেন, প্রাচীরটি ব্লু লাইন অতিক্রম করেনি। তিনি বলেন, “এই স্ট্রাকচারটি ২০২২ সালে শুরু হওয়া আইডিএফের একটি বৃহত্তর পরিকল্পনার অংশ।”

তিনি আরও যোগ করেন, “যুদ্ধ শুরুর পরবর্তী অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আইডিএফ উত্তর সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করছে।”