শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপি কারাদণ্ডপ্রাপ্ত

Date: 2025-11-17
news-banner

সোমবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর আদালত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড প্রদান করেছে। একই মামলায় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় ঘোষণা করেন। রায়ে মোট ৬টি অংশে ৪৫৩ পৃষ্ঠার বিশদ বিবরণ উল্লেখ করা হয়েছে। আদালত শেখ হাসিনা ও কামালের সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই শহীদদের নামে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন।

রায়ে বলা হয়, আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ প্রমাণিত হয়েছে। এছাড়া, পলাতক অবস্থায় থাকা শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামাল আপিল করতে পারবে না। রায় ঘোষণার সময় প্রসিকিউটর গাজী মোনাওয়ার জানান, পলাতক অবস্থায় থাকা আসামিদের জন্য আপিলের সুযোগ নেই; তবে গ্রেফতার হলে তারা আপিল করতে পারবে।

প্রসঙ্গত, গত বছরের ১৪ জুলাই গণ-অভ্যুত্থানের সময় শেখ হাসিনার উসকানিমূলক বক্তব্য, আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার, এবং রংপুর, চানখাঁরপুল ও আশুলিয়ায় হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনায় পাঁচটি অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়।

এদিকে, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই মামলায় একমাত্র গ্রেফতারকৃত আসামি। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের দিন তিনি মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন।

Leave Your Comments