৪০ বিমানবন্দরে ফ্লাইট কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো মার্কিন কর্তৃপক্ষ

Date: 2025-11-17
news-banner

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) ৪০টি বিমানবন্দরে ফ্লাইট সংখ্যা কমানোর পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসেছে। শাটডাউনের কারণে আরোপিত বিধিনিষেধ প্রত্যাহার করে আবারও স্বাভাবিক ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

এর আগে ৪৩ দিনের সরকারি শাটডাউনের কারণে ৪০ বিমানবন্দরে ফ্লাইটের সংখ্যা ১০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছিল। ফলে প্রতিদিন গড়ে চার হাজার ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়, ১০ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয় এবং প্রায় তিন হাজার ফ্লাইট বাতিল হয়। শাটডাউনের সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলারদের বেতন না পেয়ে কর্মী উপস্থিতি কম থাকায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

রোববার (৯ নভেম্বর) এসব বিধিনিষেধ বাতিল করা হয়। ইতোমধ্যে রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা সরকারের অচলাবস্থা সমাপ্তির লক্ষ্যে অস্থায়ী অর্থায়ন বিল (স্টপগ্যাপ ফান্ডিং প্যাকেজ) অনুমোদন করার জন্য এক চুক্তিতে পৌঁছেছেন। এই বিল অনুযায়ী আগামী বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত সরকার পুনরায় চালু থাকবে। এছাড়া খাদ্য সহায়তা ও আইনসভা শাখাসহ সরকারের কিছু অংশের জন্য এক বছরের অর্থ বরাদ্দ রাখা হয়েছে।

ডেমোক্র্যাটদের অন্যতম দাবি—‘অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট’ (এসিএ) অধীনে স্বাস্থ্যবীমা ভর্তুকি—এই চুক্তিতে অন্তর্ভুক্ত হয়নি। তবে রিপাবলিকান ও মধ্যপন্থী ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টি ডিসেম্বর মাসে আলাদা ভোটে নির্ধারণ করা হবে।

এফএএ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইট সংখ্যা স্বাভাবিক করার ফলে বিমানবন্দরগুলো আবার পূর্ণ সক্ষমতায় কাজ করতে পারবে এবং যাত্রীদের ঝুঁকি ও বিলম্ব কমবে। সিনেটে বিলটি ৬০–৪০ ব্যবধানে পাস হয়েছে, যা পরবর্তী সব ভোটে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাসের পথ সহজ করে দিয়েছে।

মার্কিন সরকারের অচলাবস্থা সমাপ্তির এই পদক্ষেপ ইতিহাসে দীর্ঘতম শাটডাউন শেষ করার দিকে একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

Leave Your Comments