টেক্সাসে পরিত্যক্ত বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড

Date: 2025-11-17
news-banner

মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসের স্যান লিওন এলাকায় একটি পরিত্যক্ত বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় তিন দশক ধরে অচল অবস্থায় থাকা কেন্দ্রটিতে রোববার (১৬ নভেম্বর) হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই গ্যালভেস্টন কাউন্টির বিভিন্ন শহরের আকাশজুড়ে ছড়িয়ে পড়ে ঘন কালো ধোঁয়ার বিশাল স্তূপ।

এ ঘটনায় আশপাশের বাসিন্দাদের জন্য জারি করা হয় বিশেষ নিরাপত্তা সতর্কতা। কর্তৃপক্ষ লোকজনকে এলাকাটি এড়িয়ে চলার পরামর্শ দেয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট রাতভর কাজ করে। কয়েক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের উৎস অনুসন্ধানে তদন্ত চলছে।

স্থানীয় প্রশাসন বলছে, দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা এ বিদ্যুৎকেন্দ্রে দাহ্য বস্তু বা বিদ্যুৎ সংযোগ না থাকার কথা থাকলেও কীভাবে আগুন ছড়িয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

টেক্সাসের বাসিন্দাদের মধ্যে এই অগ্নিকাণ্ড সাময়িক আতঙ্ক সৃষ্টি করলেও পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছে জরুরি সেবা প্রদানকারী সংস্থাগুলো।

Leave Your Comments