নোয়াখালীতে ভুল চিকিৎসায় নারীর মৃত্যু, হাসপাতাল পক্ষ অভিযোগ অস্বীকার

Date: 2025-11-16
news-banner

নোয়াখালীর জেলা শহর মাইজদীর প্রাইম হাসপাতালে অপারেশন করতে গিয়ে রাবেয়া বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের মেজো ছেলে মো. রাজন হোসেন অভিযোগ করেন, হাসপাতালের ভুল চিকিৎসার কারণে তার মায়ের মৃত্যু হয়েছে।

রাজন হোসেন জানান, দুই মাস আগে তার মা বাড়ির উঠানে পড়ে বাম হাতের কবজিতে হাড় ভেঙে ফেলেন। প্রথমে স্থানীয় একজন ডাক্তার হাড় প্লাস্টার করেন। দুই মাস পর এক্সরে করলে দেখা যায় হাড় ঠিকমত জোড়া লাগেনি। এরপর মাইজদীর প্রাইম হাসপাতালের ডাক্তার ফরিদুল ইসলামের সঙ্গে ৭৫ হাজার টাকায় অস্ত্রোপচারের চুক্তি হয়।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় রাবেয়াকে। অপারেশন থিয়েটারে অ্যানেসথেসিয়ান গোলাম হায়দারের মাধ্যমে অজ্ঞান করা হয় তাকে। রাজন বলেন, এক ঘণ্টার মধ্যে তাকে আইসিইউতে নেওয়া হয়, পরে রাত সাড়ে তিনটায় হাসপাতাল জানায়, রাবেয়া মারা গেছেন। হাসপাতাল পরে জানান, অপারেশন, আইসিইউ ও অ্যাম্বুলেন্সের খরচ লাগবে না।

মাইজদী প্রাইম হাসপাতালের সিনিয়র এজিএম শিপন শাহ অভিযোগ অস্বীকার করে বলেন, রোগীর অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তিনি বলেন, ডাক্তার স্বজনদের বলেছেন, প্রয়োজন মনে করলে মামলা করতে পারেন।

নোয়াখালী সিভিল সার্জন ডাক্তার মরিয়ম সিমি বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেনি।

Leave Your Comments