বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ধরে স্বাধীনভাবে ভোট দিতে পারেনি। বর্তমানে জনগণ মুখিয়ে আছেন ভোট প্রদানের জন্য, কিন্তু নির্বাচনের প্রক্রিয়াকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবেলা করার আহ্বান জানান।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা-১ দাউদকান্দি মেঘনা আসনের প্রাক নির্বাচনি গণ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মোশাররফ আরও বলেন, জনগণ প্রত্যাশা করছে নিজের হাতে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তা হবে জনগণের সরকার এবং নির্বাচিত এমপি হবে জনগণের প্রতিনিধি।
তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে সরকার গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একদিনে করার ঘোষণা দিয়েছেন, যা বিএনপির দাবি ছিল।
ড. মোশাররফ নির্বাচনের প্রস্তুতি ও পিআর প্রক্রিয়া নিয়ে বলেন, পিআরের মাধ্যমে যারা এমপি হবেন তারা দলের এমপি হবেন, জনগণের এমপি নয়। নির্বাচনের সুষ্ঠু প্রক্রিয়াকে বিলম্বিত বা ব্যাহত করার নানা ষড়যন্ত্র চলছে। তিনি সমাবেশে উপস্থিতদের অনুরোধ করেন, এসব ষড়যন্ত্র মোকাবেলা করতে দলকে সংঘটিত করতে হবে এবং সকলকে ভোট দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।