ঢাকা, ১৬ নভেম্বর – আমজনতার দলের সদস্যসচিব মো. তারেক রহমান বলেছেন, দেশে বিচারব্যবস্থাকে ঘিরে ‘তামাশা’ চলছে এবং ‘মনের অজান্তেই সবাই ফ্যাসিস্ট হয়ে উঠেছে’। তিনি দাবি করেছেন, মানবতাবিরোধী অপরাধে চলমান বিচারপ্রক্রিয়ায় তাজুল ইসলাম ও শিশির মনিরদের ‘চালাকি ফাঁস হয়ে গেছে’। রায় ঘোষণার আগে একজন নিরপেক্ষ চিফ প্রসিকিউটর নিয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি।
রোববার (১৬ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে মো. তারেক বলেন, “আমাদের দেশটাকে আমাদের মতো করে নয়, সবার মতো করে ভালোবাসতে হবে। ক্ষমতার দাপট থাকবে না, হুংকার নরম হয়ে আসবে। একটি অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া পরবর্তী সরকার কোনোভাবেই শক্তিশালী হবে না।”
তিনি আরও বলেন, বিচারের নামে দেশে তামাশা চলছে। এককালের মানবতাবিরোধী আসামির পক্ষ নেওয়া আইনজীবী আজ নিজেই মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কারো বিচার করছে। মো. তারেক মন্তব্য করেন, “রায় ঘোষণার আগে একজন নিরপেক্ষ চিফ প্রসিকিউটর করার দাবি করছি, এটি বিচারকে আরও গ্রহণযোগ্য করবে।”
জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কিত মামলাগুলো নিয়েও তিনি তীব্র মন্তব্য করেন। তারেক বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানে যে মামলাগুলো দিয়ে নাগরিকদের হয়রানি করা হচ্ছে, তার ৯০% কি মিথ্যা নয়? একেকটা মামলায় ১৫০-২০০ জনকে জড়িয়ে অন্যায়ভাবে তা কি রাষ্ট্র প্রমাণ করতে পারবে?”
নিজের পর্যবেক্ষণ তুলে ধরে তিনি বলেন, জুলাই বিচার ও আইনি গতিপথ পুরোপুরি পথভ্রষ্ট। “তাজুল ইসলাম, শিশির মনিরদের চালাকি ফাঁস হয়ে গেছে, আইজিপি মামুনকে নিয়ে একটা বড় দান মেরে দিয়েছে। পুরো জুলাই মামলা তাদের নির্বাচনী ব্যায়ের-আয়ের উৎস হয়ে উঠেছে।”
শেষে তিনি আদালত ও জনগণের কাছে ন্যায়বিচারের আহ্বান জানিয়ে বলেন, “আমি আসলে কী চাই, আমি চাই ন্যায়বিচার। ভোটের মাঠেও ন্যায়বিচার চাই। ভোটে হারার ভয়ে প্রতিপক্ষকে ভোটের মাঠের বাইরে রাখতে চাওয়া ফ্যাসিজম ছাড়া আর কি?”