অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন। মামলার নথিতে দেখা গেছে, ঠিকানা ও বাবার নাম মেহজাবীনেরই।
এর আগে মামলার বাদী সংবাদ মাধ্যমে জানিয়েছেন, ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর এই পরোয়ানা জারি করেন।
মামলার খবর ও গ্রেফতারি পরোয়ানার তথ্য ছড়িয়ে পড়ার পর থেকে মেহজাবীন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। রোববার (১৬ নভেম্বর) ফেসবুকে তিনি দীর্ঘ একটি পোস্টে লিখেছেন, এটি ‘মিথ্যা ও ভিত্তিহীন’।
মেহজাবীন লিখেছেন, “আমি মনে করি বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত গুজব ছাড়া কিছু নয়। আমি কোনো ব্যবসায়িক কর্মকাণ্ডে সরাসরি বা পরোক্ষভাবে জড়িত নই। যারা এমন ভিত্তিহীন মামলা করেছেন, তাদের কাউকে আমি চিনি না। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি কেবল আমার অভিনয় ও পেশাগত দায়িত্বে নিবেদিত।”
তিনি আরও জানান, একজন সচেতন নাগরিক হিসেবে তিনি দেশের আইন, নিয়মনীতি ও সামাজিক দায়িত্বে বিশ্বাসী। ইতোমধ্যে তার আইনজীবী যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছেন, যাতে এসব গুজব ও মিথ্যা প্রচারণা বন্ধ হয় এবং ভবিষ্যতে কেউ এই ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কিছু করতে না পারে।
মেহজাবীন বলেন, “গত এক যুগের বেশি সময় ধরে মিডিয়ায় পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছি। সহকর্মী গণমাধ্যমকর্মীদের অনুরোধ, যাচাই ছাড়া ভিত্তিহীন কোনো তথ্য প্রকাশ করবেন না। আমার শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের বলবো—আপনাদের ভালোবাসা ও আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি। বিভ্রান্তি না ছড়িয়ে সত্যের পাশে থাকুন।”