গ্রেফতারি পরোয়ানার ইস্যুতে যা বললেন মেহজাবীন

Date: 2025-11-16
news-banner

ঢাকার একটি আদালত মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে অভিনেত্রী মেহজাবীন এ খবর উড়িয়ে দিয়েছেন।

তিনি তার ফেসবুকে লিখেছেন, “অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। সকল সাংবাদিক সহকর্মীর প্রতি অনুরোধ, দয়া করে যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।”

তবে রোববার (১৬ নভেম্বর) আদালত সূত্রে জানা যায়, মেহজাবীনের নামে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া ১০ নভেম্বর আসামিদের আদালতে হাজির না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, বাদীর সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে মেহজাবীন চৌধুরী তার নতুন পারিবারিক ব্যবসার পার্টনার হিসেবে রাখবে বলে নগদ ও বিকাশের মাধ্যমে মোট ৭৩ লাখ টাকা গ্রহণ করেন। এরপর মেহজাবীন ও তার ভাই দীর্ঘদিন ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় বাদী টাকা ফেরত চাইলে “আজকে দেবো, কালকে দেবো” বলে বিলম্ব করা হয়।

পরবর্তীতে ১১ ফেব্রুয়ারি বিকেলে টাকা চাইতে গেলে, ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে মেহজাবীন, তার ভাই ও আরও ৪–৫ জন ব্যক্তির অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং বাদীকে জীবননাশের হুমকি দেওয়া হয়।

ভাটারা থানায় অভিযোগ করার পর থানার পরামর্শে বাদী আমিরুল ইসলাম ১০৭/১১৭(৩) ধারায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

Leave Your Comments