ঢাকার একটি আদালত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অভিযোগ, ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ করা এবং হত্যার হুমকি দেওয়া।
ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া গত ১০ নভেম্বর এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী আমিরুল ইসলাম রবিবার এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নির্ধারিত আদালতের দিনে আসামিরা হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছে।
আদালত গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য ১৮ ডিসেম্বর দিন নির্ধারণ করেছেন।
মামলার বিবরণ অনুযায়ী, আমিরুল ইসলাম মেহজাবীনের সঙ্গে দীর্ঘদিন পরিচয়ের সুবাদে ২৭ লাখ টাকা নগদ ও বিকাশের মাধ্যমে প্রদান করেন। মেহজাবীন ও তার ভাই ব্যবসায়িক কার্যক্রম শুরু না করায় এবং টাকা ফেরত চাওয়ার সময় ‘আজকে দিবো, কালকে দিবো’ বলে দীর্ঘদিন বিলম্ব করেন। পরে ১১ ফেব্রুয়ারি বিকালে টাকা ফেরত চাওয়ার জন্য গেলে ১৬ মার্চ হাতিরঝিল রোডের পাশে একটি রেস্টুরেন্টে তাদের বিরুদ্ধে গালিগালাজ ও জীবননাশের হুমকি দেওয়া হয়। মামলার বাদী আমিরুল ইসলাম ভাটারা থানায় অভিযোগ করলে, থানার পরামর্শে তিনি ২৪ মার্চ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী গ্রেফতারি পরোয়ানার খবর উড়িয়ে দিয়েছেন। তিনি তার ফেসবুকে লিখেছেন, “অনলাইনে আমার নাম ব্যবহার করে কিছু ভিত্তিহীন ‘মামলা’ সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। সকল সাংবাদিক সহকর্মীদের প্রতি অনুরোধ, দয়া করে কোনো প্রকার যাচাইহীন ও সত্যতা-বিহীন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকুন।”