কাতারের মধ্যস্থতায় শান্তিচুক্তি স্বাক্ষর করেছে কঙ্গো সরকার ও দেশটির বিদ্রোহী গোষ্ঠী এম-টুয়েন্টি থ্রি (এম২৩)। শনিবার (১৫ নভেম্বর) কাতারের রাজধানী দোহায় দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই শান্তিচুক্তি অনুষ্ঠিত হয়।
এর আগে গত কয়েক মাস ধরে কঙ্গোর বিভিন্ন এলাকায় ধারাবাহিক হামলা ও সহিংসতা চালায় এম২৩। জানুয়ারিতে তারা দখল করে নেয় পূর্ব কঙ্গোর সর্ববৃহৎ শহর গোমা এবং পরে নিয়ন্ত্রণে নেয় উত্তর কিভু ও দক্ষিণ কিভু প্রদেশের কিছু অংশ।
বিদ্রোহী গোষ্ঠীটিকে সহায়তার অভিযোগ উঠেছে প্রতিবেশী দেশ রুয়ান্ডার বিরুদ্ধেও। তবে রুয়ান্ডা বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। চলতি বছরের সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং কয়েক লাখ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন।
উল্লেখ্য, কাতারের উদ্যোগে গত এপ্রিল থেকে কঙ্গো সরকার ও এম২৩ এর মধ্যে কয়েক দফায় সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। এসব আলোচনায় মূলত পূর্বশর্ত, পারস্পরিক আস্থা ও নীতিমালার কাঠামো নিয়ে আলোচনা হয়। গত জুলাইয়ে নীতিমালা সংক্রান্ত একটি ঘোষণায় দুই পক্ষ সম্মত হয়। পরে অক্টোবর মাসে যুদ্ধবিরতি পর্যবেক্ষণ বিষয়ে আরেকটি চুক্তিতে পৌঁছায় তারা।
সাম্প্রতিক এই শান্তিচুক্তিকে কঙ্গো সরকার ও এম২৩ বিদ্রোহীদের মধ্যকার বৃহত্তর যুদ্ধবিরতির দিকে অগ্রসর হওয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।