ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায় ঘিরে সব বাহিনী প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

Date: 2025-11-16
news-banner

আগামীকাল সোমবার চব্বিশের জুলাই–আগস্টের গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আরও দুইজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণা উপলক্ষে দেশের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইনস পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনী এবং মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক। আগামী নির্বাচন সুষ্ঠু করতে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণ যদি নির্বাচনমুখী হয়, তাহলে কেউ কিছু থামিয়ে রাখতে পারবে না।”

বরিশালের নথুল্লাবাদে সাম্প্রতিক ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি দুই পক্ষ বসে সমাধান করবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী আরও সচেতন থাকবে বলে জানান তিনি।

Leave Your Comments