টাঙ্গাইলে ৪৬ লাখ টাকার হেরোইনসহ কারবারি আটক

Date: 2025-11-16
news-banner

টাঙ্গাইলের কালিহাতীতে ব্যাগের ভেতর সেলাই করে ও পেয়ারার বস্তায় লুকানো ৪৬০ গ্রাম হেরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। রোববার দুপুরে টাঙ্গাইল ক্যাম্পে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৪, সিপিএসসি টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মেজর কাওসার বাঁধন।

গ্রেফতারকৃত ব্যক্তি তোহর আলী (৬০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোয়ব আলীর ছেলে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

মেজর কাওসার বাঁধন জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় তোহর আলীর চলাফেরা সন্দেহ হলে র‍্যাব সদস্যরা তাকে তল্লাশির জন্য থামান। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি মাদক বহনের কথা স্বীকার করেন। পরে তার ব্যাগের সেলাই করা অংশ থেকে চার পুঁড়িয়া হেরোইন এবং পেয়ারার বস্তা থেকে চারটি পলিথিন প্যাকেটে রাখা মোট ৪৬০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

আটক তোহর আলীর বিরুদ্ধে কালিহাতী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ করা হেরোইন আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হচ্ছে।

Leave Your Comments