জাতিকে সংস্কারের পক্ষে 'হ্যাঁ' ভোট দিতে আহ্বান মিয়া গোলাম পরওয়ারের

Date: 2025-11-16
news-banner

প্রধান উপদেষ্টার ভাষণে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আকাঙ্ক্ষা আংশিক পূরণ হলেও পাঁচ দফা দাবিতে জামায়াতসহ সমমনা আট দলের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে যমুনা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিতে যাচ্ছে না দলগুলো।

রোববার (১৬ নভেম্বর) সকালে মগবাজারে আট দলের বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, আট দল শুরু থেকেই সংস্কারের পক্ষে। কিন্তু গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের অনেক বিষয়ে একটি দলের বিরোধিতার কারণে সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়েছে। তাই জাতিকে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দিতে আহ্বান জানানো হচ্ছে।

তিনি বলেন, সরকার যেন সংস্কার প্রস্তাবের আগে-পরে পার্থক্য স্পষ্টভাবে জনসমক্ষে তুলে ধরে—

  • নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্য প্রকাশ,

  • প্রচারপত্র বিলি,

  • জাতীয় গণমাধ্যমে প্রচারের মাধ্যমে জনগণকে জানানো—
    এসব উদ্যোগ গ্রহণ করা উচিত।

গণভোটে ‘না’-এর প্রচারের বিষয়ে তিনি বলেন, অনলাইনে নির্দিষ্ট একটি দলের কর্মীরা ‘না’-এর পক্ষে প্রচার চালাচ্ছে। এর মাধ্যমে জাতি বুঝতে পারছে কারা সংস্কারের পক্ষে এবং কারা নয়।

আট দলের চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি জানান, আট দলের লিয়াজোঁ কমিটি পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে। সব দাবি পূরণ না হওয়ায় আন্দোলন অব্যাহত থাকবে। তবে এই আন্দোলনের কারণে সংস্কারের গুরুত্বপূর্ণ বিষয়গুলো গণভোটে এসেছে—এটা আন্দোলনেরই সাফল্য।

আসন্ন জাতীয় নির্বাচনে আন্দোলনের প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, “আট দলের কর্মসূচির কারণে নির্বাচন প্রভাবিত হবে না; বরং নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতেই এই আন্দোলন ভূমিকা রাখবে।”

চব্বিশের গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় সোমবার ঘোষণা করবে ট্রাইব্যুনাল। এ প্রসঙ্গে তিনি বলেন, আট দল আগের মতোই মাঠে থাকবে এবং কোনো ধরনের নাশকতা করতে দেওয়া হবে না।

Leave Your Comments