দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার ওয়ালচা শহরে বার্ষিক ডেমোলিশন ডার্বি রেস চলাকালীন একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সমর্থকদের ওপর ঢুকে পড়ে। এতে ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ জানিয়েছে, শনিবার (১৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে রেসে অংশ নেওয়া গাড়িটি গ্র্যান্ডস্ট্যান্ডে ধাক্কা দেয় এবং সমর্থকদের ভিড়ে ঢুকে যায়।
ডেমোলিশন ডার্বি হলো এক ধরনের মোটরস্পোর্ট, যেখানে ড্রাইভাররা একে অপরের যানবাহনে ধাক্কা মারেন।
উত্তর টেবল্যান্ডসের সংসদ সদস্য ব্রেন্ডান মোয়লান সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আহতরা এখন হাসপাতালে রয়েছেন এবং "তারা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।"
পুলিশ জানিয়েছে, আহতদের বয়স ২০ থেকে ৭৫ বছরের মধ্যে, গুরুতর আহত ব্যক্তি একজন ৫৪ বছর বয়সী পুরুষ। ঘটনার তদন্ত চলছে।